এনসিপিসি চ্যাম্পিয়ন ডিইউ_সোয়াম্পফায়ার

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১০:০০  
জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় (এনসিপিসি) চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ১১টি সমস্যার মধ্যে নয়টির সমাধান করে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ_সোয়াম্পফায়ার’ দল চ্যাম্পিয়ন এবং আটটি সমস্যা সমাধান করে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয় যথাক্রমে বুয়েটের ‘বুয়েট_হেলবেন্ট’ ও ‘সমাহিত’। শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) দিনব্যাপী আয়োজন শেষে বিকেলে পুরস্কার বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাই্দ আহমেদ। বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান, এমআইএসটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সহসভাপতি মুশফিকুর রহিম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। পাঁচ ঘণ্টার প্রোগ্রামিং প্রতিযোগিতায় এতে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) অংশগ্রহণকারী তিনটি দলসহ দেশের ৭৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫০টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ান ও রানার্সআপ ছাড়াও সাতটি সমস্যা সমাধান করে চতুর্থ ও পঞ্চম হয়েছে যথাক্রমে বুয়েটের ‘বুয়েট_ফ্র্যাক্টালস’ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট স্লোফুরিয়ারফ্রানসটরম’। প্রতিযোগিতার আয়োজক ছিল বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।